চট্টগ্রামে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার’ পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে খুলশি থানা এলাকার জিইসি মোড়ের সিইসি কনভেনশন হলে এ ঘটনাটি ঘটে।
গোলাগুলিতে মো. নাজিম ও মো. শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
তবে ঘটনাস্থলে উপস্থিত অপর একটি পক্ষ দাবি করেছে, ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে নয়, বরং কনসার্টে প্রবেশ ও আসন নিয়ে দ্বন্দ্ব থেকেই গোলাগুলির সূত্রপাত হয়। গোলাগুলির সময় কনভেনশন সেন্টারের ভেতর ও বাইরে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের অনুমতি নিয়ে একটি মোটরসাইকেল কোম্পানি ওই কনভেনশন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সকাল ১১টা থেকে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা থেকে আসা জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল মঞ্চে ওঠে এবং গান পরিবেশন শুরু করে।
রাত সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান শেষ করার ঘোষণা দিলে কিছু তরুণ দর্শক আপত্তি জানায় এবং রাতভর কনসার্ট চালিয়ে যাওয়ার দাবি তোলে। এরপরই বিশৃঙ্খলা শুরু হয়। একপর্যায়ে ব্যান্ড দল মঞ্চ ছাড়ার প্রস্তুতি নিলে উত্তেজিত তরুণরা আয়োজকদের ওপর চড়াও হয়।
অনুষ্ঠানে উপস্থিত রনি নামে এক প্রত্যক্ষদর্শী দেশ এডিশনকে জানান, “আর্টসেল গান পরিবেশন করছিল। হঠাৎ এক পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিলে অন্য পক্ষ, যারা ছাত্রদলের কর্মী বলে পরিচিত, প্রতিবাদ জানায়। তখন দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, পরে পুলিশ গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হয়।”
খুলশি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম দেশ এডিশনকে বলেন,
“জিইসি কনভেনশন হলে সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকা শান্ত রয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
দেশ এডিশন অনলাইন নিউজ ডেস্ক থেকে সর্বশেষ আপডেট পাওয়া মাত্রই জানানো হবে।