জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর কোনো জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনৈতিক দলের ঐক্য বোঝে। কিন্তু প্রকৃত রাজনৈতিক ঐক্য হলো সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য। আজও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাচ্ছে—এটা কোনো জাতীয় ঐক্য নয়।’
নাহিদ ইসলাম সমালোচনামূলক ভঙ্গিতে আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো কমিশন হয়েছে—শ্রম কমিশন, স্বাস্থ্য কমিশনসহ বিভিন্ন সংস্কার কমিশন। কিন্তু এসব বিষয়ে কোনো আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়েও কোনো উদ্যোগ নেই। কেবল নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়েই ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো সদিচ্ছা আমরা দেখি না।’
অনুষ্ঠানের শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্যসচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।