যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে রেজোল্যুশন পাস করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫১ জন সিনেট সদস্য প্রস্তাবটির পক্ষে এবং ৪৭ জন বিপক্ষে ভোট দেন। দুজন সদস্য ভোটদান থেকে বিরত থাকেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির চার সিনেটরও প্রস্তাবটির পক্ষে ভোট দেন। তারা হলেন— কেন্টাকির র্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলাস্কার লিসা মুরকৌওস্কি এবং মেইনের সুসান কলিন্স।
গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একে যুক্তরাষ্ট্রের “অর্থনৈতিক স্বাধীনতা”র অংশ হিসেবে বর্ণনা করেন। তবে এ নীতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা হয়, যেখানে অভিযোগ আনা হয় যে ট্রাম্প প্রশাসন “ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৭”–এর অপব্যবহার করেছে।
আদালত প্রথমে ২৯ মে ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করলেও পরদিন ফেডারেল আপিল আদালত তা অস্থায়ীভাবে পুনর্বহাল করে।
ভোটাভুটির পর ভার্জিনিয়ার সিনেটর ও ডেমোক্রেটিক নেতা টিম কাইন বলেন, “আজকের ফলাফল প্রমাণ করে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে তার নিজের দলেও আপত্তি আছে। আমরা আশা করি, প্রেসিডেন্ট বিষয়টি পুনর্বিবেচনা করবেন।”
সূত্র: দ্য গার্ডিয়ান