রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল দাস ও প্রদীপ লাল হত্যা মামলার অন্যতম আসামি এবং এবি পার্টির উপজেলা সদস্য সচিব ইউনুস আলী (৩৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইউনুস আলী দামোদরপুর মামুনপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি খয়রাত হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ৯ আগস্ট রাতে বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে যাওয়া এক ঘটনায় রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) নিহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত কার্যক্রম চলমান ছিল।
তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর সংগৃহীত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইউনুস আলীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।