খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা মাঠে এ জনসভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, কয়রা উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি হলো—কয়রাকে পৌরসভা হিসেবে ঘোষণা করা।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অগ্রাধিকারের ভিত্তিতে কয়রাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। একটি পৌরসভা গঠনের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত স্যানিটেশন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন ঘটিয়ে উপকূলীয় এই জনপদকে একটি মডেল এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার এবং সঞ্চালনা করেন জামায়াত নেতা মোনায়েম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, এনসিপির খুলনা জেলার সদস্য অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আমীর শহিদুল্লাহ এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
