দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিচ্ছেন বাংলাদেশ ও কলকাতায় সমানতালে। সম্প্রতি ঢাকায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। অন্যদিকে জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’।
দুর্গাপূজা নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া। কলকাতার পূজা সম্পর্কে তিনি বলেন, “এখানকার পূজা আমার কাছে দারুণ লাগে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়। সঙ্গে থাকে পূজা পরিক্রমাও।” তাই দুর্গাপূজার প্রথম ক’টা দিন তিনি কলকাতায় কাটালেও নবমীর সকালে চলে আসেন ঢাকায়।
বাংলাদেশে জয়া যে কম্পাউন্ডে থাকেন, সেখানে হয় বড় আয়োজন। বিশাল মণ্ডপ, প্রতিমা দেখতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ। তাই বাড়ির পূজায় যোগ দিতে কলকাতা থেকে তড়িঘড়ি করে দেশে ফেরেন অভিনেত্রী।
দুই দেশের পূজার অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, “বাংলাদেশেও বড় করে পূজা হয়, খাওয়া-দাওয়াও থাকে। তবে কলকাতার পূজার পরিবেশটাই আলাদা।”
তবে বাংলাদেশে এবার তার অবস্থান দীর্ঘ নয়। দু’এক দিনের মধ্যেই আবার কলকাতায় ফিরবেন তিনি, জানান জয়া আহসান।