ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি আমজাদ হোসাইন আশরাফী–এর নাম ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের আলোচনা-পর্যালোচনার অবসান হলো বলে রাজনৈতিক অঙ্গনে মন্তব্য করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সন্ধ্যার পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো আসন বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। ওই ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মুফতি আমজাদ হোসাইন আশরাফীকে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
সূত্রগুলো আরও জানায়, সংবাদ সম্মেলনে জোটের একাধিক শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জোটের পক্ষ থেকে বিভিন্ন আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থী ঘোষণা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুফতি আমজাদ হোসাইন আশরাফী সংশ্লিষ্ট জোট নেতৃবৃন্দসহ সিদ্ধান্ত গ্রহণে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জোট মনোনীত প্রার্থী হিসেবে নবীনগরবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদেরও সুপরামর্শ ও সহযোগিতা চান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নবীনগর উপজেলাকে উন্নয়ন ও জনসেবামুখী উদ্যোগের মাধ্যমে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থাকবে।