“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো শেরপুরের নালিতাবাড়ীতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘তেপান্তর’-এ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আমির হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী সমবায় অফিসার সোহাগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান এম. এ. রায়হান, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় আন্দোলন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি।” তারা আরও উল্লেখ করেন, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।
