ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু পঞ্চগড়ে

মোঃ আশরাফুল ইসলাম | পঞ্চগড়
প্রকাশ: ২ মাস আগে

পঞ্চগড়ে এক মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার সময় পঞ্চগড় করতোয়া ব্রিজের উপর এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের ডোকরোপাড়া এলাকার বাহারুল ইসলামের পুত্র আনারুল ইসলাম (৫০) পঞ্চগড় ডিসি অফিসের প্রসেস সার্ভার পদে চাকুরী করতেন এবং বর্তমানে আটোয়ারী উপজেলায় কর্মরত ছিলেন। তিনি আটোয়ারী কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নাম্বার ফরিদপুর (-ট ১১-০ ৩ ৪৭) এবং এটি বর্তমানে পঞ্চগড় সদর থানার হেফাজতে রয়েছে। ট্রাকের চালকও পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার পঞ্চগড়-হ ১২-০ ৬১২। দুর্ঘটনার পর পঞ্চগড় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে রাখে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পঞ্চগড় ট্রাক টার্মিনাল থেকে তেঁতুলিয়া উপজেলার উদ্দেশ্যে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে আসার কারণে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আনারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

error: Content is protected !!