অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা
শেরপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় চারটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভাটাগুলোকে মোট ১৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানের সময় সংশ্লিষ্ট অবৈধ ইটভাটাগুলোর কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় সরকারের আইন অমান্য করে পরিচালিত যেকোনো অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।