ঢাকা মহানগর দায়রা জজ আদালত রবিবার (০৫ অক্টোবর) পল্টন থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন।
আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর এই সিদ্ধান্ত দেন দায়রা জজ সাব্বির ফয়েজ। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই রুহুল আমিন মোর্শেদ, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ার কারণে অব্যাহতির আবেদন করেন।
অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র উদ্যোগে আয়োজিত একটি মহাসমাবেশে পল্টন বিএনপি কার্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক মানুষের সমাবেশ হয়। সমাবেশে বিএনপি নেতারা সরকার বিরোধী স্লোগান ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। অভিযোগ অনুযায়ী, তাদের নির্দেশে দলের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটান এবং একটি সরকারি ডিএমএক্স ডাবল কেবিন গাড়িতে অগ্নিসংযোগ করেন।
তবে, তদন্ত শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগের যথাযথ প্রমাণ না পাওয়ায় অব্যাহতির রায় দিয়েছেন।