দ্য বাংলাদেশ ডায়ালগ-এর আয়োজনে অনুষ্ঠিত Future Bangladesh Challenge 2025–এ জাতীয় নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজনটি রঙিন ও সমৃদ্ধ হয়ে ওঠে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন, নীতি নির্ধারণে তরুণদের সম্পৃক্ততা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যেই এই বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনডিএম-এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের পক্ষ থেকে অংশ নেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। তিনি তরুণদের নীতি-অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকার ওপর তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, নীতি-সংস্কার এবং গণতন্ত্রের অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।
এছাড়া উপস্থিত ছিলেন এনডিএম-এর যুগ্ম বিভাগীয় সম্পাদক ব্যারিস্টার মাহমুদ শোভন, যিনি তরুণদের সম্ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি এবং নীতি-প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আয়োজক প্রতিষ্ঠানের মতে, Future Bangladesh Challenge 2025 তরুণদের উদ্ভাবনী চিন্তা, বাস্তব পরিবর্তনের উদ্যোগ এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে।