জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীরা তার জানাজার সামনের কাতারেও থাকতে পারে—এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ফাতিমা তাসনিম জুমা লেখেন, হাদির জানাজায় সামনের কয়েক কাতারেও হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ উপস্থিত থাকতে পারে বলে তার মনে হয়েছে। তিনি বলেন, “আমরা হয়তো বুঝতে পারিনি, চিনতে পারিনি, কিছু করতে পারিনি। সব ষড়যন্ত্র উন্মোচিত হোক।”
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার “আগের দিক” সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় হতাশা কাজ করছে এবং প্রকৃত পরিকল্পনাকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে কি না—সেটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পোস্টে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “মাস্টারমাইন্ডদের বের করা সম্ভব না—নাকি ইচ্ছা করেই করতে দেওয়া হয় না, বুঝি না।”
এছাড়া তিনি জড়িতদের শক্তি ও প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন এবং তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় এক হামলায় গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয় এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান।