বিএনপি কৃষকদের হাতকে শক্তিশালী করবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন
প্রকাশ: ৪ মাস আগে

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে, আর তাদের দৃঢ়তায় হয়েছে শক্তিশালী।”

তিনি বলেন, “বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত—প্রতিটি শস্যদানার ভেতর লুকিয়ে আছে কৃষকদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ।”

তারেক রহমান আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে—সত্যিকারের খাদ্য নিরাপত্তা সম্ভব সরকারের, কৃষকের, উদ্যোক্তার এবং জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে। এই অংশীদারিত্বের ভিত্তিতেই গড়ে উঠবে একটি টেকসই খাদ্যব্যবস্থা, যেখানে কৃষক হবে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি।”

তিনি স্মরণ করিয়ে দেন, “জাতীয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ ও হতাশার ছায়ায় নেতৃত্বে আসেন। তিনি দেশের কৃষিকে পুনরুজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করেন। তার নীতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপি কৃষকবান্ধব নীতি অব্যাহত রাখবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “আজ বিশ্ব খাদ্য দিবসে আমাদের অঙ্গীকার—কৃষকের ঘাম যেন সম্মানের প্রতীকে পরিণত হয়, তাদের প্রাপ্য মূল্য ও সহায়তা নিশ্চিত করা হয়। বিএনপি সবসময় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

error: Content is protected !!