দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে উদ্যোগী হতে চান ড. খোন্দকার বাবলু

প্রকাশ: ৩ মাস আগে

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেছেন, “আল্লাহ যদি সুযোগ দেন এবং দল যদি মনোনয়ন দেয়, তাহলে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার তিনটি প্রধান সমস্যার স্থায়ী সমাধান করতে চাই।”

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত রাখা হবে আমার অগ্রাধিকার।”

ড. বাবলু আরও বলেন, “মানিকগঞ্জে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে নদীর গতিপথ পরিবর্তন করে স্থায়ী সমাধান করা সম্ভব। একইভাবে, স্বল্প দূরত্বের ভেতরও মানুষকে ঘুরপথে যেতে হয়—এই সমস্যার সমাধানে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চাই। তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন গেমিং থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে খেলার মাঠ স্থাপন করা হবে।”

তিনি স্মরণ করিয়ে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন, মানিকগঞ্জে দ্বিতীয় পদ্মা সেতু হবে—আমি সেটি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব।”

দলীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, “মনোনয়ন যাকেই দেওয়া হোক, ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল, এখানে মতভেদ নয়—ঐক্যই আমাদের শক্তি।”

রাজপথের সংগ্রামী দিনগুলোর কথা স্মরণ করে ড. বাবলু বলেন, “আমরা যারা রাজপথে ঝড়-ঝাপটা সামলে দাঁড়িয়ে ছিলাম, আমরা জানি—রাজপথ মানে দেশপ্রেম, ত্যাগ আর সততা। মনোনয়ন হোক সেই ত্যাগের সম্মান।”

 

error: Content is protected !!