বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন—দশম (২০১৪), একাদশ (২০১৮) ও দ্বাদশ (২০২৪)—এ সংঘটিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য ও অভিযোগ আহ্বান করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন (NEIC)।
রোববার (১২ অক্টোবর) দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।”
তদন্ত কার্যক্রমে অংশ নিতে যে কেউ বা যে কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রতি কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কমিশন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তথ্য বা অভিযোগ জমা দিতে পারবেন।
এছাড়া ই-মেইল (feedback@neic-bd.org), ওয়েবসাইটের “মতামত ও সুপারিশ” অপশন (www.neic-bd.org) অথবা ডাকযোগেও তথ্য প্রদান করা যাবে।
অভিযোগ বা তথ্য দেওয়ার জন্য কমিশনের ঠিকানা হলো—জাতীয় সংসদ ভবনের ২ নম্বর ব্লক, শের-ই-বাংলা নগর, ঢাকা। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-২২২২১৫৬৪৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৪২০৬০ উল্লেখ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হবে, যাতে ভবিষ্যতের নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।