মাফ চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার (৮ ডিসেম্বর) এ আদেশ প্রদান করে।

বেলা ১১টার পর আইনজীবীদের একটি দল নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান। ট্রাইব্যুনালের তলবে উপস্থিত হয়ে তিনি নিজ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমা চাওয়ার পর তিনি বলেন, “আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।”

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন এবং অভিযোগ থেকে তাকে অব্যাহতির নির্দেশ দেন। এসময় ট্রাইব্যুনাল মন্তব্য করে বলেন, “আপনার মতো ব্যক্তির কাছে এমন বক্তব্য আশা করি না।”

আইনজীবীদের উপস্থিতি ও শুনানি

ফজলুর রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ বিএনপিপন্থী অন্যান্য আইনজীবী।

অন্যদিকে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।

অভিযোগের পটভূমি

গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করেন ফজলুর রহমান। এরপর প্রসিকিউশন ২৬ নভেম্বর তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে।

পরবর্তীতে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় এবং ৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়। আজ হাজির হয়ে তিনি ক্ষমা চাইলে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

error: Content is protected !!