মির্জাপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির এম্বাসেডর খন্দকার মাসুদ পারভেজ

আনোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সারাদেশে মনোনীত গণভোট প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৩৭টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনে গণভোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার মাসুদ পারভেজ। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে এ প্রার্থী তালিকা চূড়ান্ত ও প্রকাশ করা হয়।
এনসিপির নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আসন্ন গণভোট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই লক্ষ্য সামনে রেখে সারাদেশে ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ ও জনসচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হবে।
মনোনয়ন প্রসঙ্গে খন্দকার মাসুদ পারভেজ বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মির্জাপুরবাসীর সার্বিক সমর্থন কামনা করছি।”
এদিকে, মির্জাপুর উপজেলায় এ মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

error: Content is protected !!