ক্ষমতায় গেলে নারীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করার প্রতিশ্রুতি দিয়েছেন ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের এটিম মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, দেশে এমন পরিবেশ তৈরি করা হবে যাতে নারীরা সম্মান ও নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারেন। তিনি সাম্প্রতিক আন্দোলনে নারীদের ভূমিকার কথাও উল্লেখ করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে এবং এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে বলেও উল্লেখ করেন।
জেলার কৃষি সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, নওগাঁ দেশের খাদ্য উৎপাদনে বড় ভূমিকা রাখলেও উন্নয়ন থেকে বঞ্চিত। শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ, মানসম্মত হাসপাতাল, কৃষিপণ্য সংরক্ষণাগার এবং ধান ও ফল গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।
পর্যটন খাতে সম্ভাবনার কথা উল্লেখ করে অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে তিনি বলেন, জনগণের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি কর্মসংস্থানমুখী উদ্যোগের কথা বলেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিব। এছাড়া বিভিন্ন আসনের প্রার্থী ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।