মোটরসাইকেলে হেলমেট পরে এসে গুলি, এবার যুবদল নেতার মৃত্যু

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কক্সবাজারের ঝিলংজা এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা মোহাম্মদ ফারুক (৩৪) মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মোহাম্মদ ফারুক কক্সবাজার বৃহত্তর বাস টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি জানান, গত ৯ ডিসেম্বর কক্সবাজার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলে হেলমেট পরিহিত সন্ত্রাসীরা ফারুককে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর রোববার ভোরে তিনি মারা যান।

একই হামলায় গুলিবিদ্ধ আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, রোববার বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহত ফারুকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত খুনি চক্রের পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র হামলার শিকার হন ফারুক ও সাইফুল ইসলাম। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুজনই গুরুতর আহত হন। এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কক্সবাজার জেলা যুবদল এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

error: Content is protected !!