ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া অধ্যাপকের নাম ডা. তাজিন আফরোজ শাহ। তিনি এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
এছাড়া আদেশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।