শেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ মাহবুবা হক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
সম্প্রতি শেরপুর প্রেসক্লাবের (একাংশ) আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় ইউএনও মিজ মাহবুবা হক বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এস. এম. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি আবুল হাসিম, সহ-সভাপতি ও দৈনিক তথ্যধারার চিফ রিপোর্টার আসাদুজ্জামান মোরাদ, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ, দেশ এডিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল বাকী, সিনিয়র সাংবাদিক জি. এইচ. হান্নানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ ধরনের মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।