শেরপুরে বাদলের জানাজায় জনস্রোত

জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশ: ১ সপ্তাহ আগে

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনিজনিত জটিলতায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয়টি দলীয়ভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এডিএম মাসুম।

জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ছামিউল হক ফারুকী, শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-১ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্যসচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পারিবারিকভাবে জানাজায় অংশ নেন মরহুমের ছোট ভাই মাসুদ ও একমাত্র ছেলে নাজমুস সাকিব। জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!