শেরপুরের নকলায় ৭ অবৈধ ইটভাটায় ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জান্নাতুল বাকী, শেরপুর
প্রকাশ: ২ মাস আগে

শেরপুরের নকলা উপজেলায় পরিবেশ দূষণ রোধে অভিযান চালিয়ে ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার মালিকদের মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নকলা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। প্রসিকিউশনে ছিলেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং নকলা থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—

মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকস (ধনাকুশা): ৩ লাখ ৫০ হাজার টাকা

মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস (শিববাড়ী): ৩ লাখ টাকা

মেসার্স সরকার ব্রিকস (তেঘরি, বাশাটি): ৩ লাখ টাকা

মেসার্স সেভেন স্টার ব্রিকস (ছাতুগাঁও, গৌরদ্বার): ৩ লাখ ৫০ হাজার টাকা

মেসার্স চমক ব্রিকস (রুনীগাঁও, গৌরদ্বার): ৩ লাখ ৫০ হাজার টাকা

মেসার্স রিজন ব্রিকস (পাইস্কা): ২ লাখ ৫০ হাজার টাকা

মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকস (কুর্শা বাদাগৈড়): ৩ লাখ ৫০ হাজার টাকা

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল, যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের শামিল। অভিযানের সময় প্রতিটি ভাটায় কাঁচা ইট ধ্বংস করা হয়।

কর্তৃপক্ষ জানায়, শেরপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

  • #deshedition
  • #দেশএডিশন
  • error: Content is protected !!