অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি বিনয়ের সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
সরকারি সূত্রে জানা যায়, নিরাপত্তা প্রদানের বিষয়টি নিয়ে গতকাল গোয়েন্দা সংস্থার (এসবি) প্রধান মাহমুদুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেন। এর ধারাবাহিকতায় আজ এসবির একজন অধীনস্থ কর্মকর্তা তাকে মেসেজ পাঠিয়ে জানান, এসবি প্রধানের নির্দেশনা অনুযায়ী দ্রুত ভিআইপি ব্যক্তিদের জন্য গানম্যান পাঠানোর প্রস্তুতি রয়েছে। সম্মতি দিলে তার ঠিকানায় তাৎক্ষণিকভাবে নিরাপত্তা সদস্য পাঠানো সম্ভব বলেও জানানো হয়।
এর জবাবে পাল্টা বার্তায় মাহমুদুর রহমান এসবি প্রধানকে ধন্যবাদ জানিয়ে নিরাপত্তা নেওয়ার প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,
“আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে কোনো নিরাপত্তা নেবো না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।”
তার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, যা তিনি সম্মানজনক ও স্পষ্টভাবে সরকারের কাছে তুলে ধরেছেন।
এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।