রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জান্নাত আরা রুমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।
এ ঘটনায় পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।