আসন্ন রথযাত্রা উৎসবকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুরে বিশেষ নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পর্যালোচনা ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সভায় রথযাত্রা উৎসবকে নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনা, রুট পরিকল্পনা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। সভায় অংশ নেওয়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নিজ নিজ এলাকার প্রেক্ষাপট ও বিভিন্ন গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন।
পুলিশ কমিশনার উপস্থিত সকল নেতৃবৃন্দের বক্তব্য ও বিভিন্ন দাবির কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রেখে উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। একই সাথে রথযাত্রার প্রতিটি রুটে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ এই সমন্বয় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনসহ বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনারবৃন্দ।
সনাতন ধর্মীয় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক, কাশিমপুর কালী মন্দিরের সভাপতি, শ্রী শ্রী জয়কালী মন্দিরের সভাপতি এবং ইস্কন গাজীপুরের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন আঞ্চলিক মন্দিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। উৎসবকে ঘিরে যেকোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।