চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

শিক্ষা প্রতিবেদক (দেশ এডিশন):
প্রকাশ: ১০ ঘন্টা আগে

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (০৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

উপাচার্য নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো— পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, বর্তমান উপাচার্য কাজী রফিকুল ইসলামকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
এখানে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য মো. শহিদুল ইসলামকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:
বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। একই সঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত এই চার উপাচার্যের মেয়াদকাল তাঁদের যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।

error: Content is protected !!