দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের স্ত্রীর গাড়িচালক ইলিয়াস গ্রেপ্তার

প্রতিবেদক: রুপন দত্ত | আনোয়ারা, চট্টগ্রাম
প্রকাশ: ১১ ঘন্টা আগে

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদার (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াস তালুকদার মৃত সালেহ আহমেদের পুত্র এবং তিনি শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, ইলিয়াস তালুকদার দুদকের দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। এসব নথিতে বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং বিভিন্ন ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুদক জানিয়েছে, উদ্ধারকৃত নথিপত্রগুলো বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে।

error: Content is protected !!