ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলায় বাংলাদেশের মধ্যে একটি মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত এক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, এই কর্মশালার মাধ্যমে সবাই নির্বাচনী আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো ধরনের অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়—সে বিষয়ে প্রার্থীদের নিজ নিজ দলের নেতাকর্মীদের সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী সব দলের সহযোগিতায় পঞ্চগড় জেলায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে। এ লক্ষ্যে দুই আসনের প্রার্থীদের একই মঞ্চে এনে নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণার ব্যবস্থা করা হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হবে না।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, “৫ আগস্টের পর সব রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো দুষ্কৃতকারী নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদ খান, বোদা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ সেলিম মালিকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন