নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (০৯ জুন) বিকেল সাড়ে ৫টায় নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঝুটপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন— ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ হতে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দিকে আসছিলেন। চলন্ত পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই বিপরীতমুখী সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সাথে আকস্মিক সংঘর্ষের ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সংঘর্ষের শিকার হওয়া ট্রাকটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তবে চালক বর্তমানে পলাতক থাকায় তাকে আটকের চেষ্টা চলছে।”
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাঁদের সর্বাত্মক ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার, স্পিড ব্রেকার স্থাপন এবং নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী, যাতে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।