ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন পরিষদে (ইউপি) সচিব না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
জানা গেছে, ইউনিয়নের সাবেক সচিব এমরান হোসেন সম্প্রতি ফেনী জেলার সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদে বদলি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে আবদুল হালীম চলতি মাসের ৫ তারিখে যোগদান করলেও এখন পর্যন্ত নিয়মিতভাবে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না।
ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিভিন্ন ভাতার আবেদন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, জমিজমা সংক্রান্ত নথিপত্রসহ নানা জরুরি কাজে আসা সেবা গ্রহীতারা প্রতিদিন ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদ সচিবের অনুপস্থিতির কারণে তাদের নানান প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হচ্ছে। কেউ কেউ সপ্তাহে একাধিকবার এসে ফিরে যাচ্ছেন।
একজন সেবা প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সাধারণ মানুষ এই অফিসে এসে দিনের পর দিন ঘুরি, কিন্তু সচিব না থাকায় কোনো কাজ হচ্ছে না। এতে আমাদের সময়, টাকা—সবই নষ্ট হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তারা অবগত আছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
অন্যদিকে সচিব আবদুল হালীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
এমন অবস্থায় দ্রুত সচিবের উপস্থিতি ও নিয়মিত অফিস কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন পাঠাননগর ইউনিয়নের ভুক্তভোগী জনগণ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান , যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏, ১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন