নিজস্ব প্রতিনিধি | আজিজুর রহমান শাহীন, পানছড়ি (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা এলাকায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নালকাটা-শুকনাছড়ি সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ৪ নম্বর লতিবান ইউনিয়নের কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত চার থেকে পাঁচ দিনের ধারাবাহিক বর্ষণে শুকনাছড়ি ছড়ায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সড়কের একটি অংশ ভেঙে যায়। এ কারণে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ সড়কটি এলাকার শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ। বর্তমানে প্রয়োজনীয় কাজে অনেককে বিকল্প ও অপেক্ষাকৃত দুর্গম পথ ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়কটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ছড়ায় পানির প্রবাহ বেশি থাকায় তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। বিষয়টি জেলা এলজিইডি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটি পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন