পাবনা জেলা পরিষদ কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ১৪ (চৌদ্দ) লক্ষ টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এবারের বাজেটের আওতায় নির্দিষ্ট নিয়ম মেনে শিক্ষার্থীদের এই এককালীন বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (GPA 5.00) প্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ (GPA 4.00) প্রাপ্ত শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করা হয়। সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তির এই অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পাবনা জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, "গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি প্রদানের মূল লক্ষ্যই হলো তাদের পড়ালেখার প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা এবং উচ্চশিক্ষার পথ সুগম করা।" বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে এবং জেলা প্রশাসনের এই মহৎ ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
পাবনা জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজ্জামেল হক কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম রাব্বানী কামনা এবং পাবনা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আকতার। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার এবং যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা।
অনুষ্ঠানে পাবনার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং তাদের সম্মানিত অভিভাবকেরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান , যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏, ১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন