দেশের বাজার স্থিতিশীল রাখতে রবিবার থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন পাওয়া যাবে। চলতি বছরের ১ আগস্ট থেকে যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, শুধু তারাই পুনরায় আবেদন জমা দিতে পারবেন, এবং একজন আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন।
সরকার জানিয়েছে, বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এর আগে পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দেয়। কয়েক দিনের ব্যবধানে দাম প্রায় ৪০ টাকা পর্যন্ত বাড়ে এবং কেজিপ্রতি ১১৫–১২০ টাকায় পৌঁছে যায়। আমদানির সিদ্ধান্ত আসার পর দাম কিছুটা কমে ১০৫–১১০ টাকার মধ্যে নেমে এসেছিল। যদিও সরকারের পর্যাপ্ত মজুদের দাবি ও নতুন মৌসুমি পেঁয়াজ বাজারে আসার আশ্বাসের মাঝেও মজুদদারদের কারণে আবারও দাম বাড়তে শুরু করেছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন