প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ সকালে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। পরে মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যদের সঙ্গে নিয়ে আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সাভার থেকে ফিরে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরে পৌঁছান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রীর আজকের ভাষণে নতুন সরকারের অগ্রাধিকার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশ পরিচালনার দিকনির্দেশনা উঠে আসবে বলে রাজনৈতিক মহলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান
যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏
১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন