ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছাতে সাবমেরিন ক্যাবল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেঘনা নদীর তলদেশ দিয়ে ক্যাবল সংযোগের মাধ্যমে দ্বীপটির বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে।
‘মনপুরা দ্বীপে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপডিকো)। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার বিপুল সংখ্যক বাসিন্দা স্থিতিশীল বিদ্যুৎ সুবিধার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় ৩৩ কেভি সাবমেরিন ক্যাবল স্থাপন, ল্যান্ডিং স্টেশন নির্মাণ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে বর্তমানে ব্যবহৃত বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র শিল্প ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি দ্বীপাঞ্চলের সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
ওজোপডিকো সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলো দরপত্র জমা দিতে পারবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান , যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏, ১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন