নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারে এক আকস্মিক অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও দুটি সেলুনসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার (০৯ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফলে দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও কার্যকর তৎপরতার কারণে আগুন চারদিকে ছড়াতে পারেনি এবং চালাকচর বাজারের অন্যান্য দোকানপাট এক বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই দোকানগুলো হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সাময়িক আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাঁদের দ্রুত পুনর্বাসনে সহায়তার হাত বাড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি জোর দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী সমিতি ও স্থানীয় বাসিন্দারা।