কোনো ধরনের ঘুষ, তদবির কিংবা হয়রানির অভিযোগ ছাড়াই মাত্র ১২০ টাকায় মাগুরায় পুলিশে চাকরি পেয়েছেন ১৭ জন তরুণ-তরুণী। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মে) রাত ৮টার দিকে মাগুরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোল্লা আজাদ। এ সময় চূড়ান্তভাবে নির্বাচিত ১৭ জনের নাম প্রকাশ করা হয়। নির্বাচিতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এছাড়া চারজনকে ওয়েটিং তালিকায় রাখা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ কার্যক্রমে মোট এক হাজার ২৩৪ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৪৭ জন প্রার্থী। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হন ৩৭ জন। সবশেষে যাচাই-বাছাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
চাকরির ফলাফল প্রকাশের পর নির্বাচিতদের মধ্যে আনন্দঘন পরিবেশ দেখা যায়। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না। যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন।”
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের মতে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে এমন নিয়োগ উদ্যোগ তরুণদের মধ্যে আস্থা ও উৎসাহ বাড়াতে সহায়ক হবে।
এ সময় পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।