চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই সময়ে বৈধ চ্যানেলে দেশে এসেছে প্রায় ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়। প্রতিদিন গড়ে এসেছে প্রায় সাড়ে ১৫শ কোটি টাকা।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৯ কোটি টাকার সমান।
গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ডলার, যার পরিমাণ ছিল প্রায় ২৫ হাজার ৪৮৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৯০ হাজার ৯৩৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ২১ দশমিক ২৬ শতাংশ।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা পরিবার-স্বজনদের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স, যার পরিমাণ ছিল প্রায় ৩৭ হাজার ৮৪০ কোটি টাকা। মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৪৫ হাজার ৪৩৫ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার এবং গত ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৯৬৯ কোটি টাকার সমান। এটি দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড