বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর আসনটি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দখলে আসা এবং এলাকার সন্তান মন্ত্রী হওয়ায় গৌরনদী ও আগৈলঝাড়াজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ১২৯টি ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান পান ৪৬ হাজার ২৬৩ ভোট। প্রায় ৪৯ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে এ জয় বরিশাল অঞ্চলে বিএনপির রাজনৈতিক পুনরুত্থানের শক্ত বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।
জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক যাত্রা শুরু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আশির দশকে তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেও পরবর্তীতে ধানের শীষ প্রতীককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় পরাজিত হন। এরপর দলীয় মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে একাধিকবার গ্রেফতার ও কারাবরণও করতে হয়েছে তাকে।
এটি জহির উদ্দিন স্বপনের তৃতীয়বার সংসদে যাওয়া। এর আগে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করেন। আন্তর্জাতিক পরিসরেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে—তিনি দুবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নেটওয়ার্ক Parliamentarians for Global Action (PGA)-এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন, “বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব।” তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
গৌরনদী উপজেলার সরিকল গ্রামে জন্ম নেওয়া জহির উদ্দিন স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার হাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব আসায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা ও আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতা বরিশাল অঞ্চলের উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।