এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার দুপুর ১২টার পর ট্রাইব্যুনাল-এক এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। একইসাথে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতির বিবরণ তুলে ধরে তদন্ত প্রতিবেদন জমা দিতে অতিরিক্ত সময়ের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে নতুন সময়সীমা নির্ধারণ করেন।
মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন—
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান,
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক,
এবং পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তদন্ত সংস্থা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে আদালত প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘ এক দশক পর এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা গতি পায়।
দেশ এডিশন
প্রধান সম্পাদক ও প্রকাশক: নাজমুল রনি, সহ-সম্পাদক: আতাউর রহমান , যোগাযোগ: +𝟖𝟖 𝟎𝟗𝟔𝟗𝟕𝟓𝟎𝟏𝟎𝟏𝟎, বিজ্ঞাপন: +𝟖𝟖 𝟎𝟏𝟔𝟑𝟗 𝟑𝟏𝟑𝟏𝟑𝟏, ১২২/৭, ব্লক–ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
স্বত্ব © ২০২৬ | দেশ এডিশন