শিক্ষাঙ্গনকে নিরাপদ ও সুস্থ পরিবেশে গড়ার প্রত্যয় শিক্ষামন্ত্রীর

মোঃ আলাউদ্দিন মিয়াজী, কচুয়া :
প্রকাশ: ৩ ঘন্টা আগে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, অতীতে যেভাবে শিক্ষাঙ্গন থেকে নকল নির্মূল করা হয়েছে, ঠিক একইভাবে এখন শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। পাশাপাশি তারেক রহমান-এর নেতৃত্বে দেশজুড়ে দুর্নীতিমুক্ত একটি নতুন অগ্রযাত্রা শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তন-এ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হলে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। একসময় কচুয়া থেকেই নকলমুক্ত শিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার কচুয়াকেই কেন্দ্র করে মাদকমুক্ত সমাজ গড়ার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে শিক্ষামন্ত্রী কচুয়ায় পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা জানান মো. নাজমুল ইসলাম সরকার ও রবিউল হাসান-সহ উপজেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার নিজ উপজেলায় প্রথম সফর। মন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-কচুয়া সড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীরা উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

error: Content is protected !!