সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত নতুন আদেশ

আদালত প্রতিবেদক (দেশ এডিশন):
প্রকাশ: ১০ ঘন্টা আগে

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়টি স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (০৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একই সাথে আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে আজ সকালে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে এই আপিল শুনানি শুরু হয়। উল্লেখ্য, গত ২১ মে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। তারও আগে গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন।

হাইকোর্টের ওই রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (যেমন- কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) এবং শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিধানটি বাতিল করা হয়েছিল। এর ফলে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের সামগ্রিক দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হয়। একই সাথে অধস্তন আদালতের জন্য ২০১৭ সালে প্রণীত শৃঙ্খলাবিধিটিও বাতিল করা হয়েছিল, যা আজ আপিল বিভাগের আদেশে স্থগিত হলো।

error: Content is protected !!