অবাধ্য মনোনয়নপ্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

দ্রুত আসনভিত্তিক একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব ও গ্রুপিং বাড়তে পারে— এমন আশঙ্কার কথা কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। এতে নড়েচড়ে বসেছে দলটির নীতিনির্ধারকরা। তারা তৃণমূল নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকে দিয়েছেন এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন— কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্তত ২৫টি নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও ১০টি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী বাছাইয়ের কাজ জোরদার করেছে বিএনপি। দলটি তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে মাঠে কাজের ‘সবুজ সংকেত’ দিতে চায়।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, একক প্রার্থী চূড়ান্ত হলে অন্য মনোনয়নপ্রত্যাশীদের ওই প্রার্থীকে সমর্থন দিয়ে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ করার নির্দেশনা দেওয়া হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলটির নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, যেসব আসনে একাধিক জনপ্রিয় প্রার্থী রয়েছেন, সেসব ক্ষেত্রে একক প্রার্থী নির্ধারণে সময় লাগছে। এ ধরনের আসনে একজনকে সবুজ সংকেত দিয়ে বাকিদেরও ক্ষমতায় গেলে যথাযথ মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,

“শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য আমরা ‘গ্রিন সিগন্যাল’ দেব। তবে সেটি চূড়ান্ত নয়। তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।”

তিনি আরও বলেন,

“অনেক আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন— কেউ জনপ্রিয়, কেউ সাংগঠনিকভাবে শক্তিশালী। তাই একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রার্থী নির্ধারণ করা হবে।”

দলীয় সূত্রে জানা যায়, এবারের মনোনয়ন প্রক্রিয়া সরাসরি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটি তাকে এই দায়িত্ব দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন,

“আমরা এমন প্রার্থীকে নমিনেশন দিতে চাই, যিনি এলাকার সমস্যাগুলো জানেন, মানুষের সঙ্গে সম্পৃক্ত, তরুণ-নারী-মুরুব্বি— সবার সঙ্গে যোগাযোগ রাখেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন,

“আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। একক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারকরা সবুজ সংকেত দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

সূত্র: দেশ এডিশন প্রতিবেদক

error: Content is protected !!