অসহায়দের পাশে আহমদ ফাউন্ডেশন, সুবিধাবঞ্চিতদের ঈদ সামগ্রী প্রদান

সুমন আহম্মেদ | ময়মনসিংহ):
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করেছে আহমদ ফাউন্ডেশন। ঈদের দিন সকালে সুবিধাবঞ্চিত মানুষের মিষ্টিমুখ করাতে সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয় মাঠে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি ও আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিম আহমদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হালুয়াঘাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ১ হাজার হতদরিদ্র ও সামর্থহীন পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য ক্বারী নাসির উদ্দিন, বিএনপি নেতা ও সমাজসেবক সেলিম আহম্মেদ, এনসিপি নেতা আকিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিম আহমদ বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে প্রতিবছরের মতো এবারও আমরা এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে প্রতিষ্ঠার পর থেকে আহমদ ফাউন্ডেশন বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সেবা দিয়ে আসছে এবং এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তা এবং প্রতি ঈদে ঈদ সামগ্রী বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

error: Content is protected !!