কুমিল্লা–৪ আসনের জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিতে দেখলে ভারত বড় ভুল করবে। তিনি বলেন, বাংলাদেশকে দেখতে হবে জনগণের চোখ দিয়ে, সম্পর্ক গড়তে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সেই সম্পর্ক হওয়া উচিত দুই দেশের জনগণের মধ্যে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত যদি আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করে, তবে সেটি হবে এই প্রজন্মকে ভুলভাবে বোঝার শামিল। জনগণকে পাশ কাটিয়ে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ছয় মাসের পরিকল্পনার মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারত থেকে এসে আবার সেখানে ফিরে গেছে বলেও তিনি দাবি করেন। প্রকাশ্যে দিবালোকে হত্যাকাণ্ড সংঘটিত হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, মৃত্যুর আগে শহীদ হাদি বিচার নিশ্চিত করার আহ্বান রেখে গেছেন। আজ তার বিচারের দাবি শুধু কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নেই, বরং তা সারাদেশে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, শহীদ হাদি রাজনীতিকে গণমানুষের সঙ্গে যুক্ত করার শিক্ষা দিয়ে গেছেন। রাজনীতি যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তা ক্ষমতাকেন্দ্রিক হয়ে যায়।
তিনি আরও বলেন, শহীদ হাদির আদর্শ ধারণ করেই তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দুটি স্পষ্ট অবস্থান রয়েছে—একটি গোলামীর পক্ষে, অন্যটি আজাদী ও স্বাধীনতার পক্ষে। তারা ইনসাফ, স্বাধীনতা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবেন বলেও ঘোষণা দেন।
তিনি ঋণ খেলাপি ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা বলেন এবং জনগণের অর্থ লুট করে রাজনীতি করার সংস্কৃতির সমালোচনা করেন।
মতের পার্থক্য থাকলেও ইনসাফের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।