ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় কিছু শাখা খোলা

দেশ এডিশন অর্থনৈতিক ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ নির্দিষ্ট কিছু এলাকার ব্যাংক শাখা সীমিত সময়ের জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি বিল নিষ্পত্তি এবং শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাকশিল্প অধ্যুষিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন প্রদান এবং রপ্তানি কার্যক্রম সচল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!