ঈদে প্রকৃতির খোঁজে মানুষ, কাপ্তাই লেকে ভ্রমণ উৎসব

কায়সার আহমদ চৌধুরী | দেশ এডিশন:
প্রকাশ: ৯ minutes ago

ঈদের ছুটি এলেই ব্যস্ত নগরজীবন থেকে কিছুটা স্বস্তি খুঁজতে মানুষ ছুটে যায় প্রকৃতির কাছে। কেউ সমুদ্রের মোহনায়, আবার কেউ পাহাড়ের সবুজে হারিয়ে যান। তেমনি ঈদের ছুটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক।

নীল জলরাশি, কর্ণফুলি নদীর শান্ত স্রোত এবং চারপাশের সবুজ পাহাড় মিলিয়ে কাপ্তাই লেক যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে এখানে পর্যটকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। ভিড় এতটাই ছিল যে অনেক স্থানে তিল ধারণের ঠাঁই ছিল না।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকরা জানান, কাপ্তাই লেক যেন স্বর্গের মতো এক স্থান। এক পাশে বিস্তীর্ণ নীল জলরাশি আর অন্য পাশে সবুজ পাহাড়ের সারি—প্রকৃতির এই অনন্য মেলবন্ধন যে কাউকে সহজেই মুগ্ধ করে। পানির ঢেউ আর পাহাড়ি বাতাসের মায়াবী পরিবেশ ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য।

ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, “কাপ্তাই এসে সত্যিই বিমোহিত হয়েছি। বাংলাদেশের পর্যটন খাতের অন্যতম সুন্দর জায়গা এটি।”

অন্য এক পর্যটক জানান, “ব্যস্ত কর্মজীবনের ফাঁকে মানসিক প্রশান্তির জন্য প্রায়ই এখানে আসি। এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনের খোরাক জোগায়।”

এছাড়াও কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে শিশুদের জন্য ছিল নানা খেলাধুলার আয়োজন। বড়দের মধ্যে কেউ কায়াকিং, কেউ পাহাড়ে ট্র্যাকিং আবার কেউ ক্যাম্পিংয়ের মাধ্যমে সময় কাটাতে দেখা গেছে। ফলে পর্যটকদের ঈদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও কাপ্তাই থানা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে তাদের ভ্রমণ উপভোগ করতে পারেন।

সব মিলিয়ে কাপ্তাই লেক এবং এর আশপাশের পাহাড়, বন, নদী ও বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য দিচ্ছে এক স্মরণীয় ঈদ অভিজ্ঞতা। প্রকৃতির মাঝে কাটানো এই সময় আনন্দের পাশাপাশি তৈরি করছে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি।

error: Content is protected !!