আজ ২ মার্চ—ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে প্রথমবারের মতো উত্তোলিত হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকা। অগ্নিঝরা মার্চের উত্তাল প্রেক্ষাপটে সেই ঐতিহাসিক ঘটনার নেতৃত্ব দেন তৎকালীন ডাকসু’র ভিপি আ স ম আবদুর রব।
১৯৭১ সালের ২ মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পাকিস্তানের পতাকা নামিয়ে সবুজ পটভূমিতে লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ওই দিন রাতেই সচিবালয় প্রাঙ্গণেও একইভাবে বাংলাদেশের পতাকা উড়তে দেখা যায়। এই পতাকা দ্রুতই বাঙালি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার শক্তিশালী প্রতীকে পরিণত হয়।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তখন ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম নতুন গতি পায় এবং মুক্তির পথে অগ্রযাত্রা আরও সুদৃঢ় হয়।
দেশের বাইরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে। সে সময় ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী আনুগত্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন।
‘জাতীয় পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় দিবসটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি সাবেক ডাকসু ভিপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ স ম আবদুর রব অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এই দিবস বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্নের এক গৌরবোজ্জ্বল স্মৃতি হিসেবে ইতিহাসে অম্লান হয়ে থাকবে।